শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সিঙ্গাপুরে ১ স্বর্ণ ও ২ ব্রোঞ্জ পদক জয়, দেশে ফিরলেন তাইহান সোয়াদ

প্রতিনিধির নাম / ৫০ বার পাঠ করা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বিশেষ প্রতিনিধি: সিঙ্গাপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতায় একটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জয় করে দেশে ফিরেছেন বাংলাদেশের অ্যাথলেট খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ। তাঁর এই সাফল্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা উজ্জ্বল হয়েছে। দেশে ফেরার পর শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সামাজিক সংগঠন ‘HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা’সহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। তাইহান সোয়াদ এ সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ‘ফেস্টিভ্যাল আর্টস থিয়েটার, আওয়ার ট্যাম্পিনিস হাব’-এ ফিটনেস ইন্টারন্যাশনাল ফেডারেশন (FIF)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘FIF World Imperial Cup 2026’। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা অংশ নেন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনটি বিভাগে পদক অর্জন করেন তাইহান সোয়াদ।

প্রতিযোগিতায় প্রো বডিবিল্ডিংয়ের ৯০ কেজি বিভাগে স্বর্ণপদক এবং নভিস বডিবিল্ডিং ও নভিস ক্লাসিক ফিজিক বিভাগে দুটি ব্রোঞ্জপদক জয় করেন তিনি। তাঁর এ অর্জন দেশের ফিটনেস ও বডিবিল্ডিং অঙ্গনে নতুন গৌরব যোগ করেছে।

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার, সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাহেনা সুইটি উপস্থিত ছিলেন।

এ ছাড়া তাঁকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন বাবুল দেওয়ান, ছায়ানুর তালুকদার, কাজী সফিউল আলম কালাম, শাহিনা আক্তার কাজল, মাহতাব হোসেন, কবির হোসেন, মাইনুদ্দিন দেওয়ান, আফসার আহমেদ এবং সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বিমানবন্দরে এমন আয়োজনে তাইহান সোয়াদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে এ অর্জনের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। পাশাপাশি সংবর্ধনার আয়োজনকারী সংগঠনের কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

তাইহান সোয়াদের এই আন্তর্জাতিক সাফল্যে দেশের ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি বাংলাদেশের সুনাম আরও বৃদ্ধি করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর