ক্রীড়া প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর প্রতিযোগটায় অংশগ্রহণকারী দাবাড়ুদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সহযোগিতা করেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান রুমির প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত আহমেদ রাজিব, এডিসি জেনারেল নাঈমা ইসলাম, এএসপি মোঃ ইব্রাহিম এবং জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।
এছাড়াও দাবা খেলার উন্নয়ন ও প্রসার নিয়ে আলোচনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর ইসলাম, ফিদে আরবিটার মোহাম্মদ শামীম এবং নারায়ণগঞ্জ রয়েল চেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্লাসহ জেলার ক্রীড়া অনুরাগী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও মননশীল রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে দাবা খেলার প্রসারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা সফলভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দাবাড়ুর হাতে সনদপত্র তুলে দেন।