বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে বন্দর থানার রুস্তমপুর এলাকার একটি চিহ্নিত মাদক কারবারি পরিবার। স্থানীয় কতিপয় প্রভাবশালীর অদৃশ্য ছায়াতলে এই পরিবারটি বীরদর্পে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ভয়ানক মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, মূল অভিযুক্ত খোকন মৃত কিতাব আলীর ছেলে। তিনি তার দুই ছেলে সায়েম ও সানিকে সঙ্গে নিয়ে এই রমরমা মাদক সাম্রাজ্য গড়ে তুলেছেন। তারা বর্তমানে বন্দর এলাকার রুস্তমপুর সাকিনস্থ সবুজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অপরাধেই নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকা থেকে এই পরিবারটিকে বিতারিত করা হয়। পরবর্তী সময়ে তারা বন্দর উপজেলার রুস্তমপুর এলাকায় এসে আশ্রয় নেয় এবং পূর্বের অপরাধমূলক কর্মকাণ্ড এখানেই পুনরায় শুরু করে। এলাকার একটি প্রভাবশালী মহলের সেল্টার বা মদদ থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা নির্বিঘ্নে তাদের অবৈধ কারবার চালিয়ে যাচ্ছে।
এদিকে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বন্দর থানা পুলিশ প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানে বহু মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করা হলেও রহস্যজনক কারণে খোকন ও তার ছেলেরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদের এই অবাধ মাদক ব্যবসার কারণে এলাকার কিশোর ও যুবসমাজ প্রতিদিন নেশার অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। অভিভাবকরা তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, খোকন গংদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে রুস্তমপুর এলাকার আইনশৃঙ্খলার অবনতিসহ যুবসমাজ মারাত্মক ধ্বংসলীলার শিকার হবে।
অবিলম্বে চিহ্নিত এই মাদক কারবারি পরিবারটিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন রুস্তমপুরের সর্বস্তরের জনসাধারণ।