ইরানে নতুন করে বড় ধরণের সামরিক হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত পুনরায় শুরু করতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ট্রাম্পের বিরোধিতার কারণেই ইসরাইলের ওই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, গত ১০ অক্টোবরের শুরুর দিকে ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, দেশটির শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনা এবং বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক অবকাঠামো।
সূত্রগুলোর দাবি, পরিকল্পিত হামলা চালানো হলে তা গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো হামলার চেয়েও বেশি তীব্র হতে পারত। তবে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত নতুন করে শুরু না করার সিদ্ধান্ত নেন ট্রাম্প।