স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় পৈত্রিক জায়গা-জমি জবরদখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় বাজালিয়ার এবি কনভেনশন হলে
এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্টেশন জামে মসজিদ পাড়ার বাসিন্দা মৃত আবদুল মুবিন ও হোলমাছ খাতুনের ছেলে মো. কামাল উদ্দিন (৪৭)।
লিখিত বক্তব্য ও সাতকানিয়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরি (জিডি নং- ৬৫৭, তারিখ: ১৩/১১/২০২৬) সূত্রে জানা যায়, ওয়ারিশসূত্রে পাওয়া দোকান ও বাড়ির জায়গা-সম্পত্তি নিয়ে কামাল উদ্দিনের সঙ্গে তার চাচা খলিলুর রহমান (৬৫) এবং চাচাতো ভাই মোহাম্মদ হারুন (৩৫) ও মোহাম্মদ সুমনের (২৮) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কামাল উদ্দিন অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে তার পৈত্রিক সম্পত্তি জবরদখল করার পাঁয়তারা চালিয়ে আসছেন এবং জায়গা দখল করে নিয়েছেন।
এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে দাবি করেন কামাল উদ্দিন। তিনি উল্লেখ করেন, গত ১৩ নভেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মসজিদে যাওয়ার পথে হারুনের নেতৃত্বে অভিযুক্তরা তার পথ আটকে হুমকি দেন।
এ সময় জায়গা-সম্পত্তি নিয়ে কথা বললে হাত-পা ভেঙে হাসপাতালে পাঠানো এবং প্রয়োজনে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী কামাল উদ্দিন জানান, অভিযুক্তরা উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় যেকোনো সময় তার ও পরিবারের বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ অবস্থায় পৈত্রিক সম্পত্তি উদ্ধার, পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।